৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বদলির আদেশ ‘অমান্য’ করায় বেবিচক কর্মকর্তাকে তাৎক্ষণিক অব্যাহতি

গোলাম মোস্তফা নামের এই কর্মকর্তার বদলির আদেশ হয় গত ৩ জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

বদলির আদেশ ‘অমান্য’ করায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাওছার মাহমুদ।

এদিন বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে তাকে (গোলাম মোস্তফা) স্ট্যান্ড রিলিজ করা হয়। সেই সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তাকে রিলিজও দিয়েছেন।”

গোলাম মোস্তফার বদলির আদেশ হয় গত ৩ জুন। ‘জুন ক্লোজিংয়ের অজুহাত’ দেখিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। এভাবে তিনি প্রায় পাঁচ বছর একইস্থলে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনে আদেশ হয়েছে; অগাস্টের দ্বিতীয় সপ্তাহ পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি গোলাম মোস্তফা। যখনই তার বদলির আদেশ হয়, তখন কোনও না কোনও অজুহাতে বদলির আদেশ স্থগিত করান তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে।” 

আলোচিত এই প্রকৌশলী পাঁচ বছরের বেশি সময় ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে কর্মরত আছেন। এর আগেও তাকে দুইবার বদলির আদেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। 

গেল ৩ জুন গোলাম মোস্তফাসহ তিন সহকারী প্রকৌশলীকে বদলির আদেশ জারি করে বেবিচক। বেবচিকের সে সময়ের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বদলির এই আদেশে সই করেন।

আদেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায়) থেকে গোলাম মোস্তফাকে সরিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি করা হয়। আর শাহ আমানতের সহকারী প্রকৌশলী সাগর দেওয়ানজিকে ওসমানী বিমানবন্দরে দেওয়া হয়।

এছাড়া বেবিচকের প্রধান কার্যালয়ের সিভিল বিভাগ-৪ এর সহকারী প্রকৌশলী আব্দুল আলিমকে সদর দপ্তরের সিভিল বিভাগ-৩ এ বদলি করা হয়েছিল।