Published : 31 Jul 2025, 09:07 PM
অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার তার রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. ছায়েদুর রহমান তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
মতিঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।
ওয়াসিউর রহমানকে বুধবার বিকালে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ঢাকার মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, বেক্সিমকো গ্রুপের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংক থেকে তিনটি ‘এলসি সেলস কন্ট্রাক্ট’ (বিক্রয় চুক্তি) গ্রহণ করে। পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরেও রপ্তানিমূল্য ফেরত আনেনি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানিমূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিটি তা করেনি।
ওয়াসিউর রহমান অন্য আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করেন। এর মাধ্যমে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ ইউএস ডলার (৩৪ কোটি টাকা) রপ্তানিমূল্য দেশে না এনে দেশের বাইরে নিজেদের ভোগ বিলাস ও সম্পদ সংগ্রহের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
টাকা পাচারের এ অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর মতিঝিল থানায় ওয়াসিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটি তদন্ত করছে।
আরও পড়ুন-