০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রস্তাবিত বাজেটে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষিত: রাষ্ট্র সংস্কার আন্দোলন

“এ বাজেট গণআকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 09:18 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে ‘আমলাতান্ত্রিক’ আখ্যা দিয়ে সেখানে চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘উপেক্ষিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

তিনি বলেছেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল রাষ্ট্র সংস্কার ও একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন। কিন্তু সম্প্রতি ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি প্রচলিত আমলাতান্ত্রিক বৃত্তে বন্দী। এ বাজেট গণআকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে।”

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক ‘নাগরিক সমাবেশে’ তিনি একথা বলেন।

কাইয়ূম বলেন, “এই ক্রান্তিলগ্নে প্রচলিত ঋণ নির্ভর ও মাফিয়াবান্ধব বাজেটের বিপরীতে দেশের প্রকৃত উন্নয়ন, কৃষি, শিল্প সুরক্ষা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে।”

‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’ নামে তিন সংগঠন ওই নাগরিক সমাবেশ আয়োজন করে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার এবং ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের’ সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিনও সেখানে কথা বলেন।