১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বড়দিন ঘিরে ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 02:51 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন ঘিরে ঢাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম।

তিনি বলেছেন, “নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড  ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। 

“বর্তমানে সেনাবাহিনী আমাদের সাথে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সকলের সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে।”

মঙ্গলবার সকালে ঢাকার কাকরাইলে সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ঝুঁকি আছে কি না? এক সাংবাদিক এমন প্রশ্ন রেখেছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তা মাসুদের কাছে।

জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের ন্যায় এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।”

জরুরি পরিস্থিতি এলে তা কীভাবে সামাল দেওয়া হবে তা এর আগে ওই চার্চে দেখান ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম।

এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা, সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন।

পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ

বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকায় আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি।

মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।