Published : 29 Jun 2026, 06:40 PM
চাঁদাবাজি ও অপহরণের মামলায় গ্রেপ্তারের দুদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ তিনজন জামিন পেয়েছেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমববার শুনানি নিয়ে তাদের জামিনের আদেশ দেন।
ওই তিনজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জোবায়েদ জয়, কবি নজরুল কলেজের কামরুল ইসলাম ও স্কয়ার নার্সিং কলেজের ছাত্র আব্দুল আলীম।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সেদিনে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার এ তিনজনের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত সোমবার জামিন শুনানির দিন রেখে এদিন আসামিদের আদালতে হাজিরের আদেশ দেয়।
সোমবার আসামিদের পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল হাসান জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত জামিনের আদেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়, মোহাম্মদপুর প্রিপারেটোরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সাজিদ হাসান তাহসিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জিগাতলার বাসা থেকে গাড়ি নিয়ে বের হন জ্বালানি নেওয়ার জন্য। রাত ১টার দিকে সাজিদের মোবাইল থেকে তার শ্বশুর মাসুম চৌধুরী ফোন করে পুলিশকে সাজিদ ও তার বন্ধু মেহেরাব হোসেন নেহালের অপহরণের তথ্য দেন।
সাজিদ ও মেহেরাবকে ফেরত পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। টাকা নিয়ে আসতে বলা হয় নীলক্ষেত মোড়ে। পরে মাসুম চৌধুরী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
এরপর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ সাজিদ ও তার বন্ধুকে উদ্ধার করে। এসময় ঢাবি শিক্ষার্থী আবু জোবায়েদ জয়সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।