১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকরি গেল ডিএমপির ৯ সাবেক ওসির

সরকার বদলের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন অগুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার ওসির দায়িত্ব পালন করা ৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার; যাদের সবার চাকরির বয়স ২৫ বছর পেরিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে গত ৭ অগাস্ট তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়। তবে এসব প্রজ্ঞাপন রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তারা হলেন- শিকদার মো. শামীম হোসেন, আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, আব্দুল কুদ্দুছ ফকির, মামুন অর রশিদ, নুরুল ইসলাম, কামাল হোসেন, মো. সেলিমুজ্জামান ও আবু বকর সিদ্দিক।

সরকার বদলের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন অগুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়।

ওসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারাবলে ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে। ২৫ বছর চাকরি করা কোনো সরকারি চাকুরেকে এ ধারাবলে সরকার চাইলে কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারে। এতে চাকরি হারানো কারও আপিলেরও সুযোগ থাকে না।

৪৫ ধারায় বলা হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কোনো কর্মকর্তাকে পেনশনে পাঠাতে পারবে। তবে এসময় তিনি সব সুযোগ-সুবিধা বা পেনশনাদি পাবেন।