১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোংরা পরিবেশে রান্না, হোটেল আশরাফীর লাখ টাকা জরিমানা

রেস্তোরাঁটির রান্নাঘরে বিড়ালের উপস্থিতি ও রান্নায় নিষিদ্ধ কেওড়া জলের ব্যবহারের প্রমাণ মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 09:08 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করাসহ একাধিক অভিযোগে রাজধানীর রাজারবাগের হোটেল আশরাফী নামে একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার সংস্থাটির নির্বাহী হাকিম অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন দেখতে পায়। রান্নাঘরের ফ্রিজে একত্রে রাখা ছিল কাঁচা ও রান্না করা খাবার। একইসঙ্গে রান্নাঘরে বিড়ালের উপস্থিতিও পাওয়া যায়। রেস্তোরাঁটি খাবার রান্নায় নিষিদ্ধ কেওড়া জলেরও ব্যবহার করছে। 

এছাড়া মজুদকৃত বিদেশি খাদ্যোপকরণের মোড়কে আমদানিকারকের তথ্য সংযোজিত না থাকা, রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে তাৎক্ষনিকভাবে জরিমানা করে এই অর্থ আদায় করা হয়।

অভিযানকালে ঢাকা মহানগরীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।