Published : 15 Jul 2026, 06:33 PM
প্রতারণার অভিযোগে করা মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. নাজমুল হকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত।
তাদের আগামী ১৯ অগাস্ট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, সাইদুর রহমান হাবিব ও মোকাররম হোসেন জিমি।
২০২৪ সালের ৭ অক্টোবর মজুমদার আরিফুর রহমানের ভাই মজুমদার আরিফুর রহমান বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশের ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ গত ২১ মে আদালতে প্রতিবেদন জমা দেন।