Published : 15 Mar 2026, 07:23 PM
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ডিভিশনে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআরের এক ফেইসবুক পোস্টে বলা হয়, "সাক্ষাৎকালে তারা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
“এ সময় প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।”
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন ।