১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন

প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, আইনমন্ত্রী ও অর্থমন্ত্রী কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 10:40 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে চেয়ারম্যান পদে রেখে সংসদ সচিবালয় কমিশন গঠন করেছে সরকার।

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী এ কমিশন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা গেজেটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। এর মধ্য দিয়ে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি।

এরপর ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচিত করেন এমপিরা। পরে তিনি দলীয় পদ ছেড়ে দেন।

জাতীয় সংসদ সচিবালয় আইন অনুযায়ী, সংসদ সচিবালয় সংসদের প্রয়োজনীয় সাচিবিক দায়িত্ব পালন করে। 

জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী অন্যান্য দায়িত্বও পালন করে। এর মধ্যে রয়েছে অধিবেশন আহ্বান ও স্থগিতকরণসংক্রান্ত সচিবিক কার্যাবলী, সংসদের স্থায়ী ও অন্যান্য কমিটির সভা আয়োজন, কার্যবিবরণী প্রস্তুত, সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব পালনে সহায়তা, আবাসন তদারক, পারিশ্রমিক ও ভাতাদি-সংক্রান্ত কাজ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।