১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তফসিল চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ, বিসিবি নির্বাচনে ‘বাধা নেই’

তফসিল অনুযায়ী, ৭ জুনের ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুজন পরিচালক নির্বাচিত হবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 03:54 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। 

বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয়। 

এর ফলে আগামী ৭ জুনের নির্বাচনে কোনো আইনি বাধা থাকলা না বলে দাবি বিসিবির আইনজীবীর।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। 

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন মাহিন এম রহমান। 

মাহিন এম রহমান বলেন, মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাই কোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের  চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন। 

“ফলে বিসিবির চলমান কার্যক্রম এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।”

তিন জানান, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে এর আগে দায়ের করা তিনটি রিট আবেদনেও আদালত হস্তক্ষেপ করেনি।

গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিস প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাই কোর্টে রিট আবেদন করেন। 

রিট আবেদনকারীরা হলেন, বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।

রিটের বিবাদী করা হয় যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসককে। 

এরপর গত সোমবার রিটকারীরা একটি সম্পূরক আবেদন করে ঘোষিত তফসিলের কার্যক্রম স্থগিত এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়েছিলেন।

গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। পরের দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। 

তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে দুজনসহ ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।