চীন-বাংলাদেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে চান শি
বাংলাদেশ ও চীনের সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বকে জোরদার করার কথাও শি জিনপিং বলেছেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে এ তথ্য জানানো হয়। ওই খবর ফেইসবুক পাতায় প্রকাশ করেছে ঢাকায় চীনা দূতাবাস।
শুভেচ্ছা বার্তায় শি বলেছেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে বেশ গুরুত্ব দেন তিনি। পারস্পরিক রাজনৈতিক আস্থা জায়গা আরো গভীর করতে, বন্ধুত্ব আরো দৃঢ় করতে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিতে তিনি রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সেইসঙ্গে বাংলাদেশ ও চীনের সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বকে জোরদার করার কথাও শি জিনপিং বলেছেন।
দুদেশের বন্ধুত্ব ও সহযোগিতার কথা তুলে ধরে চীনা প্রেসিডেন্ট লিখেছেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। দুই দেশ একে অপরকে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দেখেছে, পারস্পরিক মঙ্গলের জন্য সহযোগিতা করছে এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নিজেদেরকে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করছে।
সিনহুয়া লিখেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং।
আর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
