১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ‘তীব্র নিন্দা’ পাকিস্তানের

সুদানে আবেই এলাকায় স্থানীয় সময় শনিবার দুপুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত হন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

সুদানের কাদুগলিতে শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ছয় বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সুদানের কাদগুলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঘন্য হামলার ঘটনায় সবচেয়ে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে পাকিস্তান। 

“যে হামলায় ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম সিকিউরিটি ফোর্স ফর আবেইতে (ইউএনআইএসএফএ) কর্মরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।”

সুদানে আবেই এলাকায় স্থানীয় সময় শনিবার দুপুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ হামলায় চালিয়েছে।

নিহতরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলে-লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।

এ ঘটনায় শোক জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মূল্যবান প্রাণক্ষয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি ‘গভীর শোক’ জানাচ্ছে পাকিস্তান এবং মর্মান্তিক এই সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সংঘাত মোকাবেলা, বেসামরিক জনগণের সুরক্ষা এবং জাতিসংঘ পতাকার অধীনে শান্তির অন্বেষায় আন্তর্জাতিক উদ্যোগে অগ্রগণ্য ভূমিকা রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষীরা।  

“এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার দায়িত্ব পালন করে যাওয়া ব্লু হেলমেটদের সর্বোচ্চ ত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

এ ধরনের ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে পাকিস্তান বলেছে, “সব জাতিসংঘ শান্তিরক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।”