Published : 05 Aug 2026, 07:51 PM
জুলাই আন্দোলন এক দিনে গড়ে ওঠেনি বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মত জুলাইয়ের গণবিপ্লবও আমাদের অর্জনের এক অনন্য প্রতীক। এ আন্দোলন এক দিনে গড়ে ওঠেনি।
“২০০৯ সালের পর থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচার ও রাজনৈতিক নিপীড়নের ফলে মানুষের মনে যে ক্ষোভ জমা হয়েছিল, তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মত জুলাইয়ে বিস্ফোরিত হয়েছে।”
সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার বিকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তুলে ধরা হয়।
মন্ত্রী বলেন, “আমাদের ছেলেমেয়েরা যেভাবে রাজপথে নেমে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। জুলাই অভ্যুত্থানে যারা চোখ, হাত, পা হারিয়েছেন কিংবা শহীদ হয়েছেন, তাদের এ আত্মত্যাগ ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন।
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বৈরাচারের দোসররা বিদেশি অপশক্তির সহায়তায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অস্তিত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। এই দেশের স্বাধীনতা অর্জন হয়েছিল বলেই বাংলাদেশিরা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারছে এবং উচ্চ পদে বসতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে।”
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এস এম আহসানুল আজিজ সভায় উপস্থিত ছিলেন।