১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির মামলায় জ্যাকবকে গ্রেপ্তার দেখানো হলো

কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ।

দুর্নীতির মামলায় জ্যাকবকে গ্রেপ্তার দেখানো হলো
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 03:09 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য এবং পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কারাফটকে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। 

জ্যাকবের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক শুনানির জন্য ১৬ জুন দিন রেখেছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

গত ১৯ ম জ্যাকবকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা। পাশাপাশি তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আর্জি জানান।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য শনিবার দিন রাখে। এদিন শুনানিকালে জ্যাকবকে আদালতে হাজির করা হয়।

দুদকের পক্ষে কৌঁসুলি হাফিজুর রহমান আসামিকে গ্রেপ্তার দেখানোর অনুরোধ করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। পাশাপাশি তাকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।

এরপর জ্যাকবের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার। আদালত শুনানির জন্য ১৬ জুন দিন রেখেছে।

গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা।

মামলায় ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।