Published : 13 Apr 2026, 02:22 PM
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
গেল ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুনকে গ্রেপ্তার করে।
পরদিন জুলাই আন্দোলন ঘিরে দেলোয়ার হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর গেল ৩১ মার্চ ছয় দিন এবং ৬ এপ্রিল তিন দিন এবং ৯ এপ্রিল মকবুল হত্যা মামলায় তার আরও তিন দিন এবং রোববার এক দিনের রিমান্ড দেয় আদালত।
এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন।
মামুন খালেদের পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি জামিন চেয়ে শুনানি করেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় বিএনপি কার্যালয়ে। কার্যালয়ের পাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।