১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস-আলী রীয়াজদের ব্যর্থ বলতে বাধা কোথায়, প্রশ্ন জিয়া হায়দারের

“এখানে রাজনৈতিকভাবে অন্ধ ব্যক্তিরা রাজনৈতিকভাবে অদক্ষ ব্যক্তিদের নেতৃত্ব দিচ্ছেন,” বলেন এ ব্রিটিশ ঔপন্যাসিক।

ইউনূস-আলী রীয়াজদের ব্যর্থ বলতে বাধা কোথায়, প্রশ্ন জিয়া হায়দারের
জিয়া হায়দার রহমান (বাঁয়ে)। ছবি: বাংলা একাডেমির ফেইসবুক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 09:35 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

বাংলাদেশের মানুষ কিংবা সংবাদমাধ্যম মুহাম্মদ ইউনূস কিংবা আলী রীয়াজের মতো ব্যক্তিদের ব্যর্থতা নিয়ে কেন কথা বলার সাহস পায় না, সেই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ ঔপন্যাসিক ও ব্রডকাস্টার জিয়া হায়দার রহমান। 

বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ লেখক মনে করেন, বাংলাদেশে মতপ্রকাশের যে সীমাবদ্ধতা, তার শিকড় রাষ্ট্রীয় নিপীড়নের চেয়েও অনেক গভীরে। এর কারণ এখানকার সমাজ ও সংস্কারের অনেক গভীরে প্রোথিত।

মঙ্গলবার ‘সাহিত্যের রাজনীতি’ শিরোনামে বাংলা একাডেমির এক সেমিনারে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন। 

একাডেমির কবি শামসুর রহমান সেমিনার হলে এ অনুষ্ঠানে শেখ হাসিনার শাসনামল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের নানা বিষয়ে সমালোচনা করেন তিনি।

জিয়া হায়দারের জন্ম সিলেটে, যিনি ছোটবেলায় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৪ সালে প্রকাশিত তার ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ উপন্যাস সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়। 

গ্রন্থটি বহু ভাষায় অনূদিত হয় এবং ব্রিটেনের ‘জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল পুরস্কার’ এর মত সম্মাননাও পান তিনি। 

যুক্তরাজ্যে বসবাস করলেও সভা-সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে তার প্রায়ই বাংলাদেশে আসা হয়। 

মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ নিয়ে কথা বলা গিয়ে সবশেষ ঢাকা সফরের কথা স্মরণ করেন এই ঔপন্যাসিক। 

তিনি বলেন, “সম্প্রতি ঢাকায় এক খোলা জায়গায় আমার একটা বক্তৃতা ছিল। বৃষ্টি শুরু হলে সবাই একটা জায়গায় জড়ো হয়ে প্রশ্নোত্তর পর্ব চালিয়ে গেলাম। সবাই কাছাকাছি বসায় আলোচনাটা হয়ে উঠল আরও ঘনিষ্ঠ। আলোচনাটা একসময় আড্ডায় পরিণত হল। আমার মনে হয়, আজকের আলোচনাটাও তেমন কিছু হয়ে উঠতে পারে। 

“সেদিন এক পর্যায়ে আমি প্রশ্ন করেছিলাম—বাংলাদেশ তো ‘একনায়ককে’ সরিয়েছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে, যেটি মূলত ঢাকার উদারপন্থি এনজিও মহলের লোকজন দিয়ে তৈরি। তা এখন কি আপনারা মন খুলে কথা বলতে পারছেন?

জিয়া হায়দার বলেন, “সবাই একবাক্যে জানাল—তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না।”

তিনি বলে, “আমরা যখন ‘মতপ্রকাশের স্বাধীনতা’ কথাটা বলি, বেশির ভাগ সময় সেটি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ বোঝায়, যেটা এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার নির্মমভাবে ব্যবহার করেছে।

“হাসিনা সরকারের সময় মানুষের কণ্ঠ রোধ করতে কঠোর আইন, দলীয় লোকজন কিংবা আজ্ঞাবহ পুলিশ—সবই ব্যবহার করা হয়েছে।”

২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন জিয়া হায়দার। সেদিন অনুষ্ঠানের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ: মৃত ভাবনার দেশ’।

সেদিনের বক্তব্যের কথা তুলে ধরতে গিয়ে এই ঔপন্যাসিক বলেন, “আমি আওয়ামী লীগ সরকারের, বিশেষ করে তাদের ‘পক্ষপাতদুষ্ট আদালতের’ সমালোচনা করেছিলাম। তবে মতপ্রকাশের স্বাধীনতার জটিল সামাজিক ও রাজনৈতিক সমীকরণ নিয়েই সেদিন মূল আলোচনা ছিল।” 

জিয়া হায়দার বলেন, সেদিনের বক্তৃতার পরের দিন ভোরে তিনি লন্ডনে ফিরে যান। এর দুই দিন পর তার বাবার মৃত্যু হয়। 

“পরবর্তী ১০ দিন আমি পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম, ঢাকায় বক্তৃতা নিয়ে যে ঝড় উঠেছিল, তা আমি জানতে পারিনি। দুই সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতার ভিডিও পাই, যেটা বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি।”

তিনি বলেন, “পরে দেখলাম আমার বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে বিকৃতভাবে প্রকাশ হয়েছে—যে সংবাদমাধ্যম সরকারের আজ্ঞাবহ হয়ে উঠেছিল।”

জিয়া হায়দার মনে করেন, আওয়ামী লীগের সরকারের জায়গায় এখন ‘অকার্যকর’ একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। 

তিনি বলেন, “এখানে স্পষ্ট হয়ে গেছে যে, বাংলাদেশে মতপ্রকাশের সীমাবদ্ধতার পেছনে রাষ্ট্রীয় নিপীড়নের চেয়েও গভীর কোনো কারণ রয়েছে। এর শিকড় সমাজ ও সংস্কৃতির অনেক গভীরে প্রোথিত।”

জিয়া হায়দার বলেন, “কেউ হয়ত বলতে পারেন যে, নতুন পরিস্থিতিতে মানুষের খাপ খাওয়াতে সময় লাগছে। আবার ‘অকার্যকর সরকার’ দেখে অভ্যস্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই আছেন, যারা সাময়িক সময়ের জন্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার নিয়ে কিছু বলার প্রয়োজন দেখেন না। কিন্তু কেন?

“কেন আমরা প্রকাশ্যে বলতে পারি না যে আলী রীয়াজ বিপর্যয় ডেকে এনেছেন? কিংবা কেন আমরা বলতে পারি না যে, অধ্যাপক ইউনূস বড় ধরনের হতাশা তৈরি করেছেন? তারা তো নির্বাচিত কোনো রাজনীতিক নন এবং তাদের মেয়াদও প্রায় শেষ।”

এই ব্রিটিশ লেখক বলেন, “কেউ কেউ বলেন, আলী রীয়াজ নাকি এরই মধ্যে ‘দোকান বন্ধ করে’ বাংলাদেশ ত্যাগ করেছেন। আমি জানি না। কিন্তু এসব কথা সমাজের অভিজাত ও নানা পেশাজীবী শ্রেণিসহ বিভিন্ন মহলে বেশ প্রচলিত। মানুষজন ঘরেও এ নিয়ে কথা বলে।

“অবাক করার মত হলেও সত্য, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের কয়েকজনের মুখেও আমি এ ধরনের কথা শুনেছি। এখানে মূল বিষয় হল, যারা এমন মন্তব্য করেন, তারা সবাই ধরে নেন যে এসব ধারণা ব্যাপকভাবে প্রচলিত, এমনকি এগুলো প্রধান জনমত হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম অন্তর্বর্তী সরকারকে যথাযথভাবে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে।”

জুলাই অভ্যুত্থানের সময়কার একটি ঘটনা তুলে ধরে জিয়া হায়দার বলেন, “গত বছরের অগাস্টে স্বৈরশাসক পালানোর পরপরই আমি এক বন্ধুকে বলেছিলাম, এই সরকার কীভাবে প্রেস অফিসটা চালায়, সেদিকে নজর রেখো। 

“এর ব্যাখ্যায় আমি বলেছিলাম, সংসদ ও দলীয় রাজনীতি নিষ্ক্রিয় থাকার কারণে অন্তর্বর্তী সরকারকে কেবল সংবাদমাধ্যমের কাছেই জবাবদিহি করতে হবে।” 

জিয়া হায়দারের মতে, “খুব শিগগিরই এটা স্পষ্ট হয়ে ওঠে যে, প্রধান উপদেষ্টা সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে চান না।”

তিনি এ নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে ডেইলি স্টারে একটি নিবন্ধ লিখেছিলেন, যার শিরোনাম ছিল, ‘সরকারকে অবশ্যই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।’

“আমি সেখানে সরাসরি তার (প্রধান উপদেষ্টার) সমালোচনা করিনি, বরং সমালোচনা করেছিলাম তার প্রেস অফিসের, যারা তাকে সংবাদমাধ্যমের মুখোমুখি দাঁড় করানোর জন্য তৈরি করেনি।”

জিয়া হায়দার মনে করেন, প্রধান উপদেষ্টা চাইলে নানা উপায়ে নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে পারতেন। 

“তিনি এমন কিছু নতুন রীতিনীতি প্রতিষ্ঠা করতে পারতেন, যেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী সেগুলো না মানলে মানুষ বুঝতে পারত এবং জনসাধারণ ও গণমাধ্যমের সমালোচনার একটা জায়গা তৈরি হত।”

তিনি বলেন, “একজন নেতা নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন—এমন একটা মৌলিক মানদণ্ড এখানে তৈরি হতে পারত। কিন্তু সেটি হয়নি। বরং অধ্যাপক ইউনূস নিচু মানের একটা মানদণ্ড স্থাপন করেছেন। পুরো সময়ে তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমে খুব বেশি হলে দুটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কখনো এমন কোনো সংবাদ সম্মেলনে আসেননি, যেখানে তাকে সাংবাদিকদের ব্যাপক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। 

“আমরা সরকারের কাছ থেকে যেমনটা প্রত্যাশা করি, এটা একেবারেই তার বিপরীত।”

জিয়া হায়দার রহমান (বাঁয়ে)। ছবি: বাংলা একাডেমির ফেইসবুক

জিয়া হায়দার রহমান (বাঁয়ে)

জিয়া হায়দার বলেন, প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন, এটা স্বীকার করতেই হবে।

“কথায় আছে, ‘ভ্রমণ মানুষের মনকে বড় করে।’ যদি তাই হয়, তবে বলা যায় অধ্যাপক ইউনূস সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ‘বিশালমনা’ মানুষ। তিনি যখন বিশ্বজুড়ে সফর করেছেন—মাঝেমধ্যে বাংলাদেশেও থেকেছেন—তখন বিদেশি গণমাধ্যমের সান্নিধ্য খুঁজেছেন। কিন্তু এসব ক্ষেত্রে তিনি সোজাসাপ্টা প্রশ্নের মুখেই পড়েছেন।”

গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে ভয়েস অব আমেরিকায় একটি সাক্ষাৎকার দেন মুহাম্মদ ইউনূস। সেখানে নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। 

এছাড়া গেল অক্টোবরে ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওর মেহদি হাসানকে একটি সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার ‘সম্ভাবনা’ থাকার কথা বলেন। 

তার ওই সাক্ষাৎকার নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা সমালোচনা করেন।   

জিয়া হায়দার মনে করেন, ভয়েস অব আমেরিকা ও জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে ‘কঠিন’ কিছু প্রশ্ন থাকায় মুহাম্মদ ইউনূস তা ‘সামাল দিতে পারেননি’। 

তিনি বলেন, “ভয়েস অব আমেরিকার মত একটি সংবামাধ্যমও যখন সামান্যতম চ্যালেঞ্জিং প্রশ্ন করেছে, প্রধান উপদেষ্টা চাপ সামলাতে পারেননি। 

“সম্প্রতি মেহদি হাসানের মত সাংবাদিককে দেওয়া ইউনূসের সাক্ষাৎকার ছিল রীতিমতো বিপর্যয়কর, যা দেখা সত্যিই কষ্টকর ছিল। কিন্তু লক্ষণীয় হল, সেই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের দুর্বল হয়ে পড়া সংবাদমাধ্যমে কোনো আলোচনাই হয়নি।” 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরও মানুষের নির্দ্বিধায় কথা বলতে ‘ভয় পাওয়ার’ পেছেন সমাজ এবং করপোরেট শক্তির সীমাবদ্ধতাও দেখছেন জিয়া হায়দার। 

জুলাই জাতীয় সনদ সইয়ের অনুষ্ঠানের ছবিতে নারী প্রতিনিধিদের না থাকারও সমালোচনা করেন এ ব্রিটিশ ঔপন্যাসিক। 

তিনি বলেন, “বিষয়টি চোখে লাগার মতই। ছবিতে প্রায় ৪৭ জন মানুষের মধ্যে নারী ছিলেন মাত্র একজন; মাত্র একজন।”

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন হক ‘প্রকাশ্যে আক্রমণের মুখে পড়লেও’ প্রধান উপদেষ্টা দৃঢ় কোনো পদক্ষেপ নেননি বলে হতাশা প্রকাশ করেন জিয়া হায়দার। 

তিনি বলেন, “অধ্যাপক ইউনূস চুপ থেকেছেন। শুধু তাই নয়, শুরু থেকেই জাতীয় ঐকমত্য কমিশন নারী কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেয়নি। আলী রীয়াজ কি নারী কমিশন বা তাদের সুপারিশ নিয়ে ন্যূনতম মাথা ঘামিয়েছেন? তিনি কি নারীদের নিয়ে আদৌ ভাবেন?“

জিয়া হায়দার মনে করেন, “নীরব থেকে প্রধান উপদেষ্টা আসলে পুরো সমাজকেই নীরব থাকতে উৎসাহ দিয়েছেন। তিনি ও তার প্রশাসন এই নীরবতার সংস্কৃতি টিকিয়ে রাখা ও চর্চা করার ক্ষেত্রে সহযোগীর ভূমিকা রেখেছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু ভালো কোনো নজির স্থাপন করতে পারেননি।” 

বাংলাদেশের সংবাদমাধ্যম সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জিয়া হায়দার বলেন, গণমাধ্যমের ওপর নানা ধরনের সীমাবদ্ধতা আছে, যা সরকারের বাইরের শক্তি থেকেও আসে। আবার সহিংসতারও আশঙ্কাও আছে। 

“প্রতিদিনের পত্রিকার প্রথম পাতায় চোখ বুলালেই একটি বিষয় স্পষ্ট হয়। সেটা হল—‘নিজস্ব প্রতিবেদক’। ‘নিজস্ব প্রতিবেদক’ নামে একজন ‘রহস্যময় সাংবাদিক’ যেন অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন! সাধারণত সাংবাদিকদের প্রতিবেদনে নিজের নাম প্রকাশ পায়—এটাই তাদের পরিচয় গড়ে তোলে, পেশাজীবন এগিয়ে নেয়। তাহলে কেন একজন সাংবাদিক নিজের নামে প্রতিবেদন না লিখে এই বেনামি ‘নিজস্ব প্রতিবেদক’ পরিচয় নেবেন? এর প্রধান কারণ হল নিরাপত্তা।”

জিয়া হায়দার মনে করেন, “সাংবাদিকতার এমন একটা প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা নিজেকে নৈতিকভাবে উঁচু কোনো স্থানে নেননি। অথচ তিনি এমন একজন মানুষ, যাকে একজন সাংবাদিকের মত পেট্রোলবোমার ভয় করতে হয় না। নিজেকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করালে তিনি অন্য নেতাদের জন্য শক্তিশালী বার্তা দিতে পারতেন—গণমাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার চর্চা এ দেশে হওয়া উচিত।”

বাংলাদেশি বংশোদ্ভূত এ লেখক বলেন, “আপনি হয়ত বলবেন, ‘শিরিন হককে রক্ষা করা উচিত ছিল অধ্যাপক ইউনূসের, কিন্তু তার তো সংবাদ সম্মেলন করার মত প্রতিভা নেই।’ আপনি হয়ত ঠিকই বলেছেন।

“কারণ হল, গত এক বছর ধরে আমরা মূলত যেটা দেখে এসেছি, সেটা হল—এখানে রাজনৈতিকভাবে অন্ধ ব্যক্তিরা রাজনৈতিকভাবে অদক্ষ ব্যক্তিদের নেতৃত্ব দিয়েছে। আর সেটার চূড়ান্ত পরিণতি সামনে এসেছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রহসনের মাধ্যমে।”