Published : 07 May 2026, 04:05 PM
সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’।
বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম এ ‘কর্নার’ উদ্বোধন করেন বলে তার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ফরিদা খানম বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেক মা থাকেন, যাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকে।
“জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে এই মায়েদের বিড়ম্বনায় পড়তে হয়। মায়েদের সেই অস্বস্তি দূর করতে এবং শিশুদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতেই বিশেষ এই কর্নার স্থাপন করা হয়েছে।”
এটি কেবল সেবাগ্রহীতাদের জন্যই নয়, বরং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের কর্মপরিবেশকেও আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।