Published : 12 Feb 2026, 04:25 PM
সকাল গড়িয়ে দুপুর হলে ঢাকা ১৩ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা নাছির নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম ভোট দিয়েছি। সব মিলিয়ে পরিবেশ খুব ভালো।"
এবার গণভোট একসঙ্গে হওয়ায় বাড়তি আনন্দ লেগেছে বলেও জানান তিনি। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, “সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ দেওয়া উচিত।”
পাশে থাকা বোন তানিশাও সায় দেন নাছিরের কথায়।
তানিশাও এবারই প্রথম ভোট দিয়েছেন। তিনি বলেন, "ভোট দিতে পেরেছি, এটা ভালো লেগেছে। আর গণভোটে 'হ্যাঁ', কারণ আমি চাই দেশের সংস্কার হোক।"
প্রিপারেটরি স্কুলে রয়েছে ঢাকা ১৩ আসনের ৮৩ এবং ৮৪ নম্বর কেন্দ্র।
এর মধ্যে ৮৪ নম্বর পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই কেন্দ্রে ১২টা পর্যন্ত ১১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। সকাল ১০টার পর থেকে ভোটগ্রহণ বেড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৮৪ জন।
অন্যদিকে এই স্কুলের ৮৩ নম্বর নারীর ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৬.৫ শতাংশ ভোটগ্রহণ হলেও ১২টায় ১৮.৫৮ শতাংশ ভোটগ্রহণ হয়। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৫৪ জন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার তৌহিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার পর থেকে এখানে ভোটগ্রহণ বাড়ে।"
লন্ডনে বসবাস করা এক তরুণী ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি লন্ডনে পড়ালেখা করি, মোহাম্মদপুরের বাসিন্দা। দেশে আছি এবং জীবনের প্রথম ভোট দিয়েছি।"
মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে রয়েছে ৬৬ ও ৬৮ নম্বর কেন্দ্র। এরমধ্যে ৬৮ নম্বর কেন্দ্রটি নারী ভোটারদের।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খন্দকার আজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রটিতে মোট নারী ৬৮ নারী ৩ হাজার ৭৯৯জন। এই কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ২৮% শতাংশ। ভোট দিয়েছেন ৯৪৫ জন ভোটার।
অন্যদিকে ৬৬ নম্বর কেন্দ্রটি পুরুষ ভোটারদের। এখানে ২ হাজার ৮৮৪জনের মধ্যে ১ হাজার ২৩২জন ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন।
এই কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৪৩ শতাংশ বলে জানান তিনি।
এছাড়া শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রেও দেখা যায়, সকালের চেয়ে দুপুরের পর ভোটার উপস্থিতি বেড়েছে।