২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেওয়া হল অভ্যুত্থানে আহতদের

“সমন্বয়কদের কেউ আমাদের সঙ্গে দেখা করেনি, কোথাও না কোথাও তো আমাদের যেতে হবে। আমরাও তো এই দেশের নাগরিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা আহত হয়েছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

উন্নত চিকিৎসার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হওয়া জুলাই-অগাস্ট আন্দোলনে আহতদের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দিয়েছে পুলিশ। 

রমনা থানার ওসি গোলাম ফারুক রোববার রাত পৌনে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেওয়া হয়েছে। 

“আমাদের সিনিয়র অফিসাররা তাদের সঙ্গে কথা বলছেন। তাদের কোনো প্রতিনিধি উপদেষ্টার বাসায় এখনও যাননি। আমরা তাদের সঙ্গে কথা বলছি।”

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরিফুর ইসলাম তনয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাত ৮টার কিছু পরে এখানে এসেছি। এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আছি। পুলিশ ব্যারিকেড দিয়েছে। 

“এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যেতে পারিনি। পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে।”

কুরবান শেখ হিল্লোল নামে আহত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছি। 

“আমাদের অনেকে আগেই চলে গেছেন। ইন্টারকন্টিনেন্টালের সামনে একটা গোলমাল হয়েছে বলে শুনেছি। আমিও সেদিকে যাচ্ছি।”

উন্নত চিকিৎসার দাবি নিয়ে শনিবার বিকাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালের সড়কে অবস্থান নেন আহতরা। 

রোববার বেলা ১১টায় সেখান থেকে সরে শ্যামলীর শিশুমেলার মোড়ে সড়কে বসে পড়েন তারা। সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে তারা রওনা হন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে।

প্রধান উপদেষ্টা তাদের ডেকে পাঠিয়েছেন কি না এমন প্রশ্নে কুরবান শেখ হিল্লোল বলেন, “তিনি আমাদের ডাকেন নাই। সমন্বয়কদের কেউ আমাদের সঙ্গে দেখা করেনি, কোথাও না কোথাও তো আমাদের যেতে হবে। আমরাও তো এই দেশের নাগরিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা আহত হয়েছি।”

শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “সন্ধ্যা ৭টার দিকে তারা শ্যামলীর সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।”