Published : 26 Jun 2025, 02:14 PM
এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে কোভিড সংক্রামণের ঝুঁকি এড়াতে যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
তিনি বলেছেন, “করোনাভাইরাসের ব্যাপারে রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায়, তার জন্য যে বিধিমালা- সেগুলো সেন্টারগুলোকে অনেক আগেই জানানো হয়েছে। সে হিসাবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। হ্যান্ড স্যানিটাইজার এবং এগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে।
“মোটামুটিভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলোও চেষ্টা করা হয়েছে- সেই নীতি অনুসারে। সেদিক থেকে যতটুকু সম্ভব সবই নিশ্চিত করা হয়েছে।”
বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডেঙ্গুরোধে কেন্দ্রগুলোকে জমে থাকা পানি, আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান শিক্ষা উপদেষ্টা।
প্রশ্নফাঁস রোধে সরকার তৎপর রয়েছে জানিয়ে অধ্যাপক সি আর আবরার বলেন, “দুষ্টু চক্রতো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে। যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এগুলোও পারব।
“যতটুকু করণীয়, অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো হেফাজতে রাখা, পরীক্ষার কিছুক্ষণ আগে সেগুলো সেন্টারগুলোতে নিয়ে আসা-সবকিছু মিলিয়েই ডিটেইলড প্ল্যানিংয়ের মাধ্যমে করা হয়েছে। আমার ধারণা আমরা সফল হব।”
এইচএসসি পরীক্ষার্থীদের বেশির ভাগই নারী শিক্ষার্থী বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার।
তিনি জানান, ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৫০.৬ শতাংশ নারী শিক্ষার্থী এবং ৪৯.৪ শতাংশ পুরুষ শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছর এ পরীক্ষায় বসছেন।
নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ অগাস্ট। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।
কোভিড ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কেন্দ্রগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে-
>> পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক।
>> পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
>> ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
>> পরীক্ষা শুরুর আগে স্থানীয় প্রশাসনের সহায়তায় কেন্দ্রের ভেতর মশক নিধন ওষুধ ছিটাতে হবে।
>> তিন ফুট দুরত্ব রেখে পরীক্ষার্থীদের আসনের ব্যবস্থা করতে হবে।
>> প্রতিটি পরীক্ষা কেন্দ্র মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে।
>> স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়া এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করতে হবে।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একইসঙ্গে পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার অন্যান্য বছরের মতই নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়।