ভিড়ের রাস্তায় দুই বাসের পাল্লা, মাঝে পড়ে প্রাণ গেল একজনের
দুই মাস বয়সী এক ছেলের বাবা ছিলেন তিনি।
রাজধানীর চানখাঁরপুলের জনাকীর্ণ রাস্তায় দুটি বাসের পাল্লাপাল্লির সময় এক ব্যক্তি প্রাণ হারানোর তথ্য দিয়েছে পুলিশ।
ওই ব্যক্তি একটি বাসে ওঠার চেষ্টা করার সময় আরেকটি বাস বাম দিক থেকে এসে চাপ দিলে তিনি দুই বাসের মাঝে পড়ে মারা যান।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চানখাঁরপুলে ঢাকা মেডিকেলের নতুন ভবনের উল্টোপাশের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম জয়দেব পান্ডে। আনুমানিক ৪০ বছরের জয়দেব ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামে একটি হারবাল ওষুধ কোম্পানির পরিবেশক ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুছা গাজী হাসপাতালে সাংবাদিকদের বলেন, জয়দেব মৌমিতা পরিবহনের নারায়ণগঞ্জগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন, ওই সময় বাসটি চলতে শুরু করে।
একই সময় ঠিকানা পরিবহনের আরেকটি বাস বাম পাশ থেকে দ্রুত ওই বাসটিকে পাশ কাটাতে গেলে জয়দেব দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন।
মুছাসহ কয়েকজন দ্রুত তাকে পাশের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
জয়দেবের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। দুই মাস বয়সী এক ছেলের বাবা ছিলেন তিনি।
শাহবাগ থানার এসআই খালেক মিয়া বলেছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা ও ঠিকানা পরিবহনের দুটি বাস পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে।
