১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের অবস্থা ‘আশঙ্কাজনক'

“কোনো অবহেলা করা হবে না। সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 01:34 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগার ঘটনায় দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস কর্মীদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কালকের ঘটনায় চারজন দগ্ধ হয়েছে এর মধ্যে দুইজনের পরিমাণ খুবই বেশি। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল। চিকিৎসার মান খুবই ভালো। এরপরেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কোনো অবহেলা করা হবে না। সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।"

রাসায়নিক গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনা।"

ওই গুদামে আগুন লাগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে । ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান বিকাল পৌনে ৪টার দিকে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। 

বার্ন ইনস্টিটিউটে ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য ভর্তি আছেন জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, "তাদের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবাই আশঙ্কাজনক। তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

“দগ্ধ রোগীদের দেশের বাইরে নিয়ে গেলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। এজন্য আমরা সমন্বিতভাবে এবিষয়ে সিদ্ধান্ত নেব।”

টঙ্গীর এই ঘটনায় আলআমিন হোসেন বাবু নামে ফায়ার সার্ভিসের আরও একজন কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আলআমিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন

টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুনফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ