১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাজাহান খানের ছেলে আসিবুর নতুন মামলায় গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 01:59 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

জুলাই আন্দোলনে ঢাকার আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম।

প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিলেন।

এদিন শুনানিকালে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুরকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত আসিবুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির সামনে ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে আন্দোলনে অংশ নেন আল আমিন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। পায়ে গুলিবিদ্ধ হন আল আমিন। পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন।

ওই বছরের ২৬ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।