১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলা: প্রেমিকের জামিন নাকচ

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 03:29 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের আবেদন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাসিবুরের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে শুনানি করেন বুধবার। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয় বলে জানিয়েছে প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন।

গেল শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রোববার ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রাখে মঙ্গলবার। তবে মঙ্গলবার শুনানি পিছিয়ে রাখা হয় বুধবার।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

আরও পড়ুন:

মডেল রিধিকে 'আত্মহত্যায় প্ররোচনার' মামলায় প্রেমিক কারাগারে

মডেল রিধির ঝুলন্ত লাশ উদ্ধার

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার