১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী বাংলা একাডেমিতে

“নাসির আলী মামুনের এক একটি আলোকচিত্র যেন ইতিহাসের এক একটি বাঁক।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:26 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বাংলা নতুন বছরের প্রথম দিনে শুরু হলো আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৭তম একক প্রদর্শনী ‘ফটোজিয়াম: স্মৃতি-বিস্মৃতির মুখচ্ছবি’।

মঙ্গলবার সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ প্রদর্শনী উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা এ প্রদর্শনীতে আলো-আঁধারে নির্মিত প্রয়াত খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গবেষক ও কথাশিল্পীদের শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুলে ইসলামের কিছু দুর্লভ আলোকচিত্রও স্থান পেয়েছে। এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “নাসির আলী মামুন কয়েক দশক যাবত আলোকচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের প্রামাণ্যকরণের কাজটি অসাধারণ দক্ষতায় সম্পন্ন করেছেন। সংখ্যায় ও সৌন্দর্যে এর বিপুলতা আমাদের মুগ্ধ করে, ঋদ্ধ করে।”

চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, “নাসির আলী মামুনের এক একটি আলোকচিত্র যেন ইতিহাসের এক একটি বাঁক। তিনি ব্যক্তিকে তার ক্যামেরার আলোছায়ার বৃত্তে ধারণ করে তাকে ছড়িয়ে দেন বৃহত্তর নীলিমায়। দশকের পর দশক ধরে কীর্তিমান কবি-লেখক-শিল্পী-বুদ্ধিজীবীরা তার ফ্রেমে বন্দি হয়ে আমাদের মুক্তির দিশা দিয়ে চলেছেন।”

আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, “বাংলা একাডেমি আমাদের প্রাণের প্রতিষ্ঠান, জাতির মননের প্রতীক। একাডেমির সঙ্গে আমার নিবিড় যোগাযোগ বহুকালের। জাতীয় কবি নজরুলসহ এদেশের অজস্র গুণীজনের সান্নিধ্য পেয়েছি এই পবিত্র প্রাঙ্গণে।”

প্রথম একক প্রদর্শনীর স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “১৯৭৭ সালে বাংলা একাডেমিতেই আমার প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। আজ ঠিক প্রায় ৫০ বছর পর বাংলা একাডেমিতে আমার ৬৭-তম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে-একজীবনে এটা আমার জন্য অনেক ভালোলাগার বিষয় এবং একইসঙ্গে ঐতিহাসিক ঘটনাও বটে।”

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, “আলোকচিত্রে জাতির ইতিহাস কী বলিষ্ঠ ব্যঞ্জনা লাভ করে, নাসির আলী মামুনের আলোকচিত্রমালা তার সবল সাক্ষ্য। দীর্ঘকাল ধরে ব্যক্তিগত তাগিদ থেকে তিনি এ কাজ করে আসছেন। 

“কীর্তিমানদের জীবন ও কৃতি সম্পর্কে আমাদের সচেতনতা কম। নাসির আলী মামুনের আলোকচিত্রগুচ্ছ তাদের জীবন ও কর্ম বিষয়ে আমাদের আগ্রহ জাগিয়ে তুলে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ।

এদিকে ঢাকার আলিয়াঁস ফ্রঁসেজে চলছে নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোজিয়াম: লাইফ অফ পোয়েট্রি’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়েছিল ৩ এপ্রিল, যা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত।

কবি শামসুর রাহমান ও আল মাহমুদের বিরল প্রতিকৃতি ও মুহূর্ত তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। এতে প্রায় ৬০টি আলোকচিত্র ও অপ্রকাশিত ভিডিও দেখানো হচ্ছে।

আগের খবর

নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী