নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী
কবি শামসুর রাহমান ও আল মাহমুদের বিরল প্রতিকৃতি ও মুহূর্ত তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
ঢাকার আলিয়াঁস ফ্রঁসেজে আয়োজন করা হয়েছে নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী।
‘ফটোজিয়াম: লাইফ অফ পোয়েট্রি’ শিরোনামে শুক্রবার থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি শামসুর রাহমান ও আল মাহমুদের বিরল প্রতিকৃতি ও মুহূর্ত তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। এতে প্রায় ৬০টি আলোকচিত্র ও অপ্রকাশিত ভিডিও দেখানো হচ্ছে।
সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, “আলোকচিত্রী হিসেবে আমার সুযোগ হয়েছে অসংখ্য মানুষের পোট্রেইট ছবি তোলার। এসব দুর্লভ আলোকচিত্র নিয়ে ‘ফটোজিয়াম’ নামে একটি প্লাটফর্ম গড়েছি। এটি আমি কতদিন সংরক্ষণ করতে পারব জানি না। আমি চাই সবাই ফটোজিয়ামের পাশে এগিয়ে আসুক।”
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, “এই প্রদর্শনীটি আলোকচিত্র, কবিতা, স্মৃতি এবং ইতিহাসকে এক গভীর ও অর্থবহ উপায়ে একত্রিত করেছে। নাসির আলী মামুনের মত একজন আলোকচিত্রীর হাতে আলোকচিত্র শুধু শিল্পচর্চা নয়, বরং সাংস্কৃতিক সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।”
অনুষ্ঠানে শিল্পী মনিরুল ইসলাম, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংস্কৃতিক সংগঠক রামেন্দু মজুমদারও উপস্থিত ছিলেন।
