২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

চলছিল মেয়ের বিয়ের কথাবার্তা, এর আগেই ঝরে গেল মায়ের জীবন

বোনকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটি আত্মহত্যা নয়, অভিযোগ ভাইয়ের।

চলছিল মেয়ের বিয়ের কথাবার্তা, এর আগেই ঝরে গেল মায়ের জীবন
ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2026, 09:37 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

রাজধানীর লালবাগে এক বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভাইয়ের অভিযোগ হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে তার বোনকে। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতের পুলিশের ধারণা ‘আত্মহত্যা’।

বুধবার লালবাগের গোড় এ শহীদ মাজার গলির (বি সি দাস স্ট্রিট) পাঁচতলা একটি বাড়ির পঞ্চম তলার বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩৬) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধারের তথ্য দেন লালবাগ থানার ওসি জামির হোসেন।

তিশার গ্রামের বাড়ি ঢাকার সূত্রাপুর থানার ধোলাইখাল জোরপুলে। স্বামীর মনির হোসেন প্লস্টিকের কাঁচামালের ক্ষুদ্র সরবরাহকারী।

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিশার ভাই রাজীব আহমেদের অভিযোগ, তার বোনকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটি আত্মহত্যা নয়।

তবে অভিযোগ কার বিরুদ্ধে সে ব্যাপারে স্পষ্ট করেননি তিনি।

তিশার দুই সন্তানের মধ্যে মেয়ে বড়। তার বিয়ের কথাবার্তা চলছে বলে জানান রাজীব।

রাজীব বলেন, তিশার শাশুড়ি বেলা সাড়ে ১২টার দিকে ফোন করে তাদের বাসায় যাওয়ার জন্য বলেন। দ্রুত ওই বাসায় গেলে বোনকে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়।

“তার এক পা বিছানায় হাঁটুগাড়া অবস্থায় ছিল এবং আরেক পা মেঝের থেকে ৪ ইঞ্চি উপরে।”

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ ডাকা হয় বলে তুলে ধরেন তিনি। পুলিশ এসে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

মর্গে আসা তিশার কয়েকজন স্বজন সাংবাদিকের কাছে দাবি করেন, তারা শুনেছেন শ্বশুড়বাড়িতে তিশা নানাভাবে নির্যাতনের শিকার হতেন। ভিডিও দেখে মনে হয়েছে এটা আত্মহত্যার ঘটনা নয়।

ওসি বলেন, “তিশার এসএসসি পড়ুয়া একটি মেয়ে এবং ১৩ বছর বয়সের একটি ছেলে আছে। তাদের সাথে কথা হয়েছে কিন্তু তারা হত্যার ব্যাপারে কোনো অভিযোগ করছেন না। শুধু তিশার ভাই বলছেন। 

“আমরা লিখিত অভিযোগ পাইনি। আর ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার কোনো বিষয় থাকে তা হলে হত্যা মামলা নেব।”