Published : 23 May 2026, 07:20 PM
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার একটি বহুতল ভবনের লিফটের নিচের গর্ত থেকে এক বাসিন্দার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ‘খানবাড়ি’ নামে ১৩ তলা ভবনটিতে গিয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মুশফিক আহমদ খান নামে ৩৭ বছরের ওই যুবক ভবনটির চতুর্থ তলায় থাকতেন। বৃহস্পতিবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ডবলমুরিং থানার এসআই মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত থেকে মুশফিক নিখোঁজ ছিলেন। রাতের খাবারের পর তিনি ভবনের নিচে নামেন। সেখানে কিছু সময় থেকে পরে আবার উপরে উঠছিলেন।
“এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি তিনি চার তলায় যাবার জন্য লিফটে উঠেছিলেন। সেই সময় কেউ কেউ একটা চিৎকারের মত আওয়াজ শুনেছিলেন বলে জানিয়েছে। এরপর থেকে উনাকে আর পাওয়া যায়নি।”
আবাসিক ভবনটিতে পাশাপাশি দুটি লিফট থাকার কথা তুলে ধরে এসআই ইসমাইল বলেন, “মুশফিক আহমদ খান যে লিফটিতে উঠেছিলেন উনাকে সেটির পাশের লিফটের নিচের অংশ থেকে পাওয়া গেছে। তিনি ওই লিফটের নিচে কিভাবে গেলেন সেটি বুঝতে পারছি না।
“এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা এখনই বলা সম্ভব না। আমরা তদন্ত করছি।”
পুলিশ বলছে, আগে ব্যবসা করলেও সম্প্রতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না মুশফিক। তার লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।