গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক থাকছেন প্রথম অধিবেশনে
“এটা অনেক বড় দায়। আমি কখনো ভাবতে পারি নাই।”
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
বুধবার দুপুরে সংসদ ভবনে গিয়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করেন নূর মোহাম্মদ। ফোন করে তাকে এ বিষয়ে জানানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, দুপুর দেড়টার দিকে সংসদ ভবনে গিয়ে তিনি আমন্ত্রণপত্র নিয়ে আসেন।
হঠাৎ এমন আমন্ত্রণ পেয়ে অভিভূত নূর মোহাম্মদ বলেন, “এটা আল্লাহ পাক কারে কোন ধাপে নিয়ে যায়। এটা অনেক বড় দায়। আমি কখনো ভাবতে পারি নাই।”
পরে তিনি যোগ করেন, “আমি কোনো সময় ভাবতে পারি নাই যে আমি সংসদের একটা কিছু একটা হয়ে যামু গা। আমি এটা কখনো কল্পনা করতে পারছি?”
সংসদ সচিবালয়ের সূচি অনুযায়ী, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণ নির্ধারণ করা হয়েছে দুপুর ২টায়। অতিথিদের সকাল ১০টার মধ্যে আসন গ্রহণ করতে বলা হয়েছে।
নূর মোহাম্মদ সেই রিকশাচালক, যার রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের ছবি ২০২৪ সালের অগাস্টে দেশজুড়ে আলোড়ন তুলেছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফার্মগেট ফুটব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ।
গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই কিশোরকে।
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ কিশোরের নিথর দেহের ছবি সেসময় বহু মানুষের মর্ম স্পর্শ করেছিল।
নাফিজকে বহনকারী সেই রিকশাটি পরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পায়। ২০২৪ সালের ৭ নভেম্বর রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে হস্তান্তর করা হয়। সে সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তখন বলেন, রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন। পরে সেটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় সংসদে ফিরছে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম।
নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে প্রায় ২০ মাস পর সংসদ বসছে।
