Published : 15 Mar 2026, 04:58 PM
দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকাল সাড়ে ৩টায় সরকারপ্রধান সংসদ সচিবালয়ে নিজের কক্ষে চট্টগ্রাম সিটির মেয়র এবং ১১ সিটির প্রশাসকের হাতে ঈদ উপহারের চেক তুলে দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহারের হিসেবে চেক মেয়র-প্রশাসকদের তুলে দেন।”
অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, ‘‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

“তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”
চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র সাহাদাত হোসেন, প্রশাসকদের মধ্যে ঢাকা দক্ষিণের আবদুস সালাম, উত্তরের শফিকুল ইসলাম মিল্টন, খুলনার নুরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন খান, গাজীপুরের শওকত হোসেন সরকার, বরিশালের বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীর মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী ডন ও কুমিল্লার ইউসুফ মোল্লা উপস্থিত ছিলেন।