দুই মামলায় এনসিপির আখতারের জামিন
আওয়ামী লীগ আমলে এসব মামলা হয়েছিল।
ঢাকার শাহবাগ থানার দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার শুনানি নিয়ে পৃথকভাবে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এবং জশিতা ইসলাম।
আখতার হোসেনের আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, “২০২১ সালে শাহবাগ থানার পৃথক দুই মামলায় আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।”
২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা হয়।
পরের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইফতার সামগ্রী বিতরণকালে তাকে আটক করে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এসব মামলায় হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
