Published : 30 Jul 2025, 07:52 PM
অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে ‘মারধর’, গ্রেপ্তার ব্যক্তিকে ’নির্যাতন’, অর্ধস্তন পুলিশ সদস্যের ’সংসার ভাঙার চেষ্টাসহ’ কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিআইজি থেকে এএসপি পদমর্যাদার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়।
এসব কর্মকর্তা হলেন- রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফ এর এএসপি আফজাল হোসেন।
>> এদের মধ্যে এসপি শিবলী কায়সারকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে।
>> অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে।
>> কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে বরখাস্ত হয়েছেন এএসপি আফজাল।
>> ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়নের’ অভিযোগে।
এর আগে আরও ২১ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত থাকার সময়কালে এসব কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে যা আছে
ডিআইজি আনিসুরকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।
অপরদিকে ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি রাজীব ২০২৪ সালের ২ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
চাঁদাবাজির অভিযোগ করতে আসা ব্যক্তিকে মারধর
রংপুর মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) শিবলী কায়সারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে আসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে।
প্রজ্ঞাপনে ঘটনার বর্ণনা তুলে ধরে বলা হয়, গত ১১ মার্চ পুলিশ সদর দপ্তরে শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন রংপুরের ধনাঢ্য ব্যবসায়ী করিম উদ্দীন ভরসার পুত্রবধূ লিপি খান ভরসা। এর দুদিন পর লিপির পক্ষে তার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রংপুর কোতয়ালী থানায় শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে এলে তাকে ডিসি শিবলী মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরমধ্যে ১৬ মার্চ বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি মামলায় লিপিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মহানগর পুলিশে কর্মরত থাকা অবস্থায় গত ১৩ মার্চ বিকেলে কোতোয়ালী থানায় শিবলী কায়সার জনৈক লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসানকে মারধর করেন। পলাশ চাঁদা দাবির বিষয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করতে এসেছিলেন। ওই এজাহারে শিবলীর নাম রয়েছে খবর শুনে তিনি দ্রুত থানায় আসেন এবং পলাশকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকেন। এসময় ওই থানায় কর্তব্যরত প্রহরী নারী কনস্টেবল মৌসুমী আক্তারের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করলে থানার অফিসার এবং সদস্যরা তাকে (শিবলী কায়সারকে) শান্ত করার চেষ্টা করেন।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, “বেসামরিক ব্যক্তির প্রতি তার এমন উগ্র আচরণ ও আক্রোশ থাকায় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায় তিনি কর্মরত থাকলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যাঘাত ঘটতে পারে।“
এতে বলা হয়, তার এহেন আচরণ ‘অসদাচরনের শামিল ও শাস্তিযোগ্য অপরা ‘।
বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করার সুযোগ থাকায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে এমন সাময়িক বরখাস্ত করার এমন সিদ্ধান্ত বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রশ্নফাঁসে চিকিৎসক গ্রেপ্তার-নির্যাতনের অভিযোগ
র্যাব- ১৪তে কর্মরত অতিরিক্ত এসপি জুয়েল চাকমা সাময়িক বরখাস্ত হয়েছেন পাঁচ চিকিৎসককে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তারের পর নির্যাতন ও নিয়ম ভঙ্গের অভিযোগে।
দুই বছর আগে ২০২৩ সালের অগাস্টে পাঁচ চিকিৎসককে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিআইডি। তখন তাদের যথাসময়ে আদালতে হাজির না করানো ও নির্যাতনের অভিযোগ ওঠে।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, জুয়েল চাকমা ঢাকায় সিআইডিতে কর্মরত থাকাকালে তার নেতৃত্বে গত ২০২৩ সালের ৬ অগাস্ট ঢাকার পঙ্গু হাসপাতাল (নিটোর) ঢাকা গ্রেপ্তার করা হয় চিকিৎসক জিল্লুর রহমানকে। কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই গ্রেপ্তারের পর তাকে বরিশাল শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। আটকের তিন দিন পর তাকে আদালতে হাজির করানো হয়, যা ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন।
একই পুলিশ কর্মকর্তা চিকিৎসক ইউনুচ উজ্জামানসহ আরও চারজন চিকিৎসককে গ্রেপ্তারের পর যথাসময়ে তাদেরকে আদালতে হাজির না করে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারপিট ও ইলেকট্রিক শক দেওয়ার নির্দেশ দেন। তিনি চিকিৎসক লুইস সৌরভ সরকার ও শর্মিষ্ঠা মন্ডলকে আটক রাখা অবস্থায় মানসিক অত্যাচার করেন এবং ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দেন বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়।
এছাড়া তাদের স্বীকারোক্তির ভিডিওসহ মামলার গোপনীয় তথ্যাদি ‘ডিজিটাল মাধ্যমে’ জনসম্মুখে প্রকাশ করেন বলে তার সাময়িক বরখাস্তের আদেশে তুলে ধরা হয়।
এতে বলা হ, চিকিৎসক নাজিয়া মেহজাবিন তিশা ও মুসতাহিন হাসানকে জিজ্ঞাসাবাদের সময় তিনি লাঠি দিয়ে মারার নির্দেশ দেন। অভিযোগকারীদের আটকের সময় বেআইনীভাবে তাদের মোবাইল ফোন, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ তালিকা ছাড়াই হেফাজতে নেন এবং যথাসময়ে সেগুলো ফেরত না দিয়ে দীর্ঘ প্রায় এক বছর নিজের হেফাজতে রাখেন।
এই পুলিশ কর্মকর্তা বরিশাল ও খুলনায় অভিযান পরিচালনার সময় টিভি সাংবাদিককে উপস্থিত রাখেন এবং ঢাকায় সিআইডি অফিসে এনে গভীর রাত পর্যন্ত সাংবাদিকের উপস্থিতিতে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেন। তার এসব কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি বা অসদাচরণের শামিল বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়।
এসব কারণে অতিরিক্ত এসপি জুয়েলকে গত ২২ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে।
কনস্টেবলের সংসার ভাঙার অভিযোগ
বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এএসপি আফজাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে একজন কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া এবং তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৫ সেপ্টেম্বর বরিশাল আরআরএফ এর একজন কনস্টেবলের স্ত্রী কমান্ডেন্টের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে যাওয়ার সময় তার সঙ্গে এএসপি আফজালের দেখা হয়। পরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ আদান-প্রদান হয়। আফজাল ওই কনস্টেবলের স্ত্রীকে কল এবং এসএমএস করে ‘বিরক্ত করা ও অনৈতিক প্রস্তাবসহ’ তার স্বামী থাকার পরও ‘অর্থের প্রলোভন’ দেখিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।
এতে বলা হয়, ওই নারীকে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং মামলা করার ’কুপরামর্শ’ দেওয়াসহ তাদের সংসার ভাঙ্গার চেষ্টা করেন, যা নৈতিকস্খলনজনিত আচরণ এবং অকর্মকর্তাসূলভ কর্মকাণ্ড।
প্রজ্ঞাপনে বলা হয়, এছাড়া এএসপি আফজাল ওই কনস্টেবলের তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রীকে দিয়ে ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়েরসহ বিভিন্ন ঊর্ধ্বতন অফিসে অভিযোগ দাখিলের ’কুপরামর্শ’ দেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার এমন অপেশাদার আচরণ জনসম্মুখে পুলিশবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে, যা অসদাচরণ এর শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।
বিপ্লবসহ দুই 'পলাতক' পুলিশ কর্মকর্তা ৬ মাস পর বরখাস্ত
'পালানোর' অভিযোগে ডিআইজিসহ আরো ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
অগাস্ট-সেপ্টেম্বর থেকে অনুপস্থিত: চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত