১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 03:00 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান ও সাবেক ডেপুটি গভর্নর মাসুদ বিশ্বাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলেছে আদালত। 

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশন-দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ বিশ্বাসের সাতদিনের রিমান্ড চেয়ে ১৯ জানুয়ারি আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। 

তিনি বলেন, রাষ্ট্রপক্ষে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন ও রিমান্ড নামঞ্জুর করে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলেছে।

১৭ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি দল রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। 

গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।