Published : 04 Aug 2025, 09:41 PM
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাদিয়া সাবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আবুল কালাম আজাদ ও ‘হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ’ পরিচালক (প্রশাসন) ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আজাদ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং তার নামে বিপুল পরিমাণ অস্থাবর রয়েছে মর্মে জানা গেছে।
আবেদনে আরও বলা হয়, আজাদ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।