১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেকের সংবর্ধনায় ৩০০ ফিট সড়কে প্রস্তুত মঞ্চ

“প্রিয় লিডারকে দেখব এটাই আমাদের প্রত্যাশা; এ দিনটির জন্য আমরা ১৭ বছর অপেক্ষায় ছিলাম,” সংবর্ধনার অনুষ্ঠানস্থলে বলেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 02:31 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে তিনশ ফুট সড়কে মঞ্চ নির্মাণ ও সব প্রস্তুতি শেষ হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় সেখানে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়। মঞ্চের আশেপাশে ভিড় করেছেন হাজারো নেতাকর্মী।

তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন কমিটির’ আহ্বায়ক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘আমাদের অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন আমরা আমাদের প্রিয় নেতার অপেক্ষায় আছি।

“বাংলাদেশ সময় মধ্যরাতে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে হিথ্রো বিমান বন্দর ত্যাগ করবেন।”

সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। তাদের সংবর্ধনার জন্য তিনশ ফুট সড়কে প্রস্তুতি নিয়েছে বিএনপি।

সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে দুপুর বা তারও আগে থেকে তিনশ ফুট সড়কে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী ও অনুসারীরা।

সেখানে চট্টগ্রাম থেকে আসা হাফিজ আহমদ নামে একজন বলেন, “আমি বিকালে এখানে এসেছি। আমার সঙ্গে আরও ১২ জন বন্ধু এসেছে। আমাদের প্রিয় লিডারকে দেখব এটাই আমাদের প্রত্যাশা। এ দিনটির জন্য আমরা ১৭ বছর অপেক্ষায় ছিলাম।”

তিনশ ফুট এলাকায় যেন নেতাকর্মীদের উৎসব লেগেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সড়ক। কর্মীরা দল বেঁধে তারেক রহমানের আগমনের শ্লোগান দিচ্ছেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘‘আমাদের বিভিন্ন টিম এই অনুষ্ঠান স্থলে কাজ করছে। তারা বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের দেখভাল করছেন। প্রত্যেকটি জেলার জন্য, প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য আলাদা আলাদা স্থান ঠিক করে দেয়া হয়েছে।’

“আমরা যে স্বেচ্ছাসেবক টিম করেছি, তারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা লোকজনকে সেসব স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।”

মঞ্চের চারপাশে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। বেষ্টনীর মধ্যে প্রবেশাধিকার সংরক্ষিত। মঞ্চের চারপাশে এবং ওই এলাকার সড়কে বসানো হয়েছে ক্যামেরা। বসানো হয়েছে বড় ডিসপ্লে। প্রশস্ত সড়কের দুই পাশে বড় বড় ব্যানারে টাঙানো হয়েছে, তাতে লেখা ‘লিডার আসছে’।