১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাকা ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা, কারা কত পাবেন?

“বেসরকারি মাধ্যমে নিরুৎসাহিত নয়, বরং সরকারের এমন উদ্যোগের মাধ্যমে সকলেই উৎসাহিত হবে, সেটাই আমাদের লক্ষ্য।”

টাকা ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা, কারা কত পাবেন?
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধমমন্ত্রী কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 06:49 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

সৌদি আরবে বাড়িভাড়া কম হওয়া ও আলোচনা করে পরিষেবা মাশুল কমাতে পারায় চলতি বছর যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন তাদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 

সরকারি মাধ্যমের মোট ৪ হাজার ৩৪১ জন হাজি ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে ফেরত পাবেন। একজন হাজি সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ফেরত পাবেন।

তবে সরকারি মাধ্যমের ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বীমার চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না বলেছেন মন্ত্রী।

রোববার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এটি একটি ‘অভূতপূর্ব পদক্ষেপ’ বর্ণনা করে ধর্মমন্ত্রী বলেন, “হাজিদের স্বার্থে সরকারের এমন অর্থ ফেরত প্রদানের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেসরকারি মাধ্যমে নিরুৎসাহিত নয়, বরং সরকারের এমন উদ্যোগের মাধ্যমে সকলেই উৎসাহিত হবে, সেটাই আমাদের লক্ষ্য।”

পরে আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে ফেরত দেওয়া অর্থের চেক তুলে দেওয়া হয় এবং অন্য হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানানো হয়।

অব্যয়িত অর্থ ফেরতের খাতভিত্তিক বিবরণ তুলে ধরে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, “২০২৬ সালের হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য নির্ধারিত বরাদ্দের চেয়ে কম মূল্যে বাড়ি ভাড়া সম্পন্ন করা এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় এই উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে।” 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও নিবিড় তদারকির কারণে ২০২৬ সালের হজ অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

হজের ব্যয় কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্য এই ইবাদতকে সহজ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার বলে তুলে ধরেন মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ২০২৬ সালে বিমানভাড়া পূর্ববর্তী বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। 

“এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের হজের বিমানভাড়া আরও কমিয়ে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।” 

২০২৬ সালের হজে সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ নামে তিনটি প্যাকেজ ছিল।

এর মধ্যে প্যাকেজ ও হোটেলভিত্তিক টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে—হজ প্যাকেজ-১ (বিশেষ) হোটেল বুল্লরা আল দুররার (১ নম্বর বাড়ির) পূর্ণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং সংক্ষিপ্ত প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত পাবেন। 

এছাড়া হোটেলে দুই ‘সিটের আপগ্রেডেশনে’ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা (সংক্ষিপ্ত প্যাকেজসহ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা) এবং তিন ‘সিটের আপগ্রেডেশনে’ ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা (সংক্ষিপ্ত প্যাকেজসহ ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা) ফেরত পাবেন।

হজ প্যাকেজ-২ এর হোটেল লুলুয়াত আল তাওহীদে (২ নম্বর বাড়ি) ক্যাটাগরিভেদে হাজিরা সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা (সাধারণ প্যাকেজ) থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা (দুই সিটের শর্ট প্যাকেজ) ফেরত পাবেন। 

হোটেল রাওদাত আল শুরুকে (৩ নম্বর বাড়ি) সাধারণ প্যাকেজে ৩ হাজার ৯৭৯ টাকা, সংক্ষিপ্ত প্যাকেজে ১২ হাজার ১৭০ টাকা, দুই ‘সিটের আপগ্রেডেশনে’ ৪ হাজার ৩৭৬ টাকা এবং তিন সিটের আপগ্রেডেশনে ৪৪ হাজার ১১৯ টাকা ফেরত দেওয়া হবে। 

হোটেল মানার আল শুরুকে (৪ নম্বর বাড়ি)-এ সাধারণ প্যাকেজে ৭ হাজার ৪১৪ টাকা, দুই সিটের আপগ্রেডেশনে ৫ হাজার ৬৭৫ টাকা এবং তিন সিটের আপগ্রেডেশনে ৬ হাজার ২৪৯ টাকা রিফান্ড পাবেন। 

অন্যদিকে, হজ প্যাকেজ-৩ (সাধারণ) এর হোটেল নাম্বার ওয়ানের (৫ নম্বর বাড়ি) পূর্ণ প্যাকেজের হাজীরা প্রত্যেকে ৩ হাজার ৭১৮ টাকা ফেরত পাবেন; তবে এই প্যাকেজে ‘শর্ট বা আপগ্রেডেশনের’ কোনো ব্যবস্থা ছিল না।    

অর্থ পেতে প্রতারণা এড়াতে নিরাপত্তা সতর্কবার্তা জারি করে বলা হয়, হাজিদের ফেরত অর্থ বা অনুদানের টাকা পাঠানোর জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে কখনোই ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন বা ওটিপি চাওয়া হয় না। 

এ ধরনের ফোন পেলে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়। 

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।