১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকাকে নিয়ে আঁকা ৪২ চিত্রকর্ম যাচ্ছে নগর জাদুঘরে

“শত বছর পর সিটি করপোরেশন আবার প্রথিতযশা শিল্পীদের নিয়ে ঢাকাকে তুলে ধরার এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতের জন্য এক অনন্য উপহার।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 06:24 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

রাজধানীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আঁকা ৪২টি চিত্রকর্ম স্থান পাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘নগর জাদুঘরে’।

ঢাকার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি, জীবনযাপনের ধারা নিয়ে ৪২ জন শিল্পী এসব চিত্রকর্ম আঁকেন।

গত ৩ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে এসব চিত্রকর্মের প্রদর্শনী হয়।

বুধবার এক অনুষ্ঠানে ৪২ চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ দেওয়া হয় বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ওই অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচটি বিভাগে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “অতীত ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করতে হবে, কারণ অতীতকে ভিত্তি করেই আধুনিক সমাজ সমৃদ্ধ হয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন, ব্রিটিশ আমলে প্রখ্যাত চিত্রশিল্পীরা একত্রিত হয়ে ঢাকার চিত্র এঁকেছিলেন। শত বছর পর সিটি করপোরেশন আবার প্রথিতযশা শিল্পীদের নিয়ে ঢাকাকে তুলে ধরার এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতের জন্য এক অনন্য উপহার।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।