মগবাজারে আবাসিক হোটেলে বিছানায় পড়ে ছিল যুবকের লাশ
মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে, বলেন এক পুলিশ কর্মকর্তা।
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ‘তিন তারা’ নামে ওই হোটেলের ২২৪ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধারের তথ্য দেন হাতিরঝিল থানার এসআই মো. আসাদুজ্জামান।
মোহাম্মদ ফয়সাল গনি নামে ৩২ বছর বয়সি ওই যুবক রোববার থেকে ‘তিন তারা’ নামের ওই হোটেলে থাকছিলেন।
তিনি ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার ওসমান গনির ছেলে।
এসআই আসাদুজ্জামান বলেন, লাশ বিছানায় পড়ে ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
“তবে আমরা জানতে পেরেছি তিনি অসুস্থ ছিলেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
