হত্যাচেষ্টা: সেলিম প্রধান, কামাল মজুমদারের ছেলেসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হল
আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
জুলাই আন্দোলনের সময় গুলশানের বাঁশতলায় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ক্যাসিনো–কাণ্ডে আলোচনায় আসা সেলিম প্রধান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চার জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
অপর দুই আসামি হলেন-সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ স্বপন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজল ঘোষ।
প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, “চব্বিশে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের বাঁশতলায় গুলিবিদ্ধ হন নিজাম উদ্দিন। তার শরীরে ১৮০ টি বুলেট ঢুকে। হাসপাতালে চিকিৎসা নেন তিনি।”
সুস্থ হয়েছে গেল বছরের ফেব্রুয়ারিতে মামলা দায়ের করেন নিজাম উদ্দিন।
