১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান সিপিজের

ভোটের আগে দেশে ভয় ও ‘সেল্ফ সেন্সরশিপের’ একটি পরিবেশ তৈরি হয়েছে, বলা হয় বিবৃতিতে।

ভোটের আগে দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান সিপিজের
শরীয়তপুরে হাতুড়িপেটার শিকার হন সাংবাদিকরা। ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা ‘রক্ষায় জরুরি’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ‘কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)।

সংবাদমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা এ সংগঠন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিকে আলাদা চিঠি পাঠিয়ে তারা এ আহ্বান জানিয়েছে। 

চিঠিতে তারা সহিংসতা, ভয়ভীতি দেখানো ও ফৌজদারি বা নিরাপত্তা আইনের অপব্যবহার পরিহার করাসহ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে দলগুলোকে জনসম্মুখে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে।      

নির্বাচনের পরও যেন এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন অব্যাহত থাকে, দলগুলোর কাছে সেই দাবিও তুলে ধরেছে সিপিজে। 

নিজেদের গবেষণার বরাতে সিপিজে বলেছে, নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। এর মধ্যে মধ্যে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের কথা বলে হুমকি ও হয়রানি করার মতো ঝুঁকি রয়েছে। 

সিপিজে বলেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটক পাঁচজন সাংবাদিক এখন কারাবন্দি রয়েছেন। এছাড়া সাংবাদিকদের উপর সহিংসতাকারীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে এবং গণমাধ্যম সংস্কারে বাস্তব ও অর্থবহ অগ্রগতির অভাব রয়েছে। 

এসব কিছু মিলে দেশে ভয় ও ‘সেল্ফ সেন্সরশিপের’ একটি পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে সিপিজে।