১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন জাতিসংঘ মহাসচিবের

দরিদ্র দেশগুলোর ওপর বৈশ্বিক তেল সংকটের অসম প্রভাবের কথা তুলে ধরেছেন খলিলুর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 09:32 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশের নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্নে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার তিনি ‘উচ্চ প্রশংসা’ করেন।

আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও অন্তর্ভুক্ত ছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জে পড়া এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কথা তুলে ধরেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মহাসচিবকে আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি গ্রহণ করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদারে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্তের মাধ্যমে বৈঠক শেষ হয়।