স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যে নতুন সচিব
অবসর থেকে এসব কর্মকর্তাকে ফিরিয়ে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে।
সপ্তাহ খানেক ধরে ফাঁকা হওয়া দেড় ডজনের মত মন্ত্রণালয় ও বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এগুলোর মধ্যে চারটিতে অবসর থেকে ফিরিয়ে এনে চারজনকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
চার মন্ত্রণালয় ও বিভাগে এক বছরের চুক্তিতে তাদের দায়িত্ব দেওয়ার পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়।
নতুন সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তাদের কাজের সম্পর্ক শেষ করে এ দায়িত্বে যোগ দেবেন। চুক্তিপত্রের মাধ্যমে অন্যান্য শর্ত নির্ধারিত হবে।
তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত সপ্তাহে এক দিনে ১৫ জনকে সচিবকে সরানো হয়েছিল, যাদের মধ্যে চুক্তিতে থাকা ১২ জনের চাকরি যায়। পরের সপ্তাহে আরও কয়েকজন সচিবকে সরানো হয়।
