১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রামপুরায় বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

বাসটি পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

রামপুরায় বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 01:38 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ঢাকার রামপুরায় একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার রাত ১০টার দিকে বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “ভিক্টর পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।”

রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধানমন্ডি থানার এসআই শাহজালাল বলেন, “কে বা কার এখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।”

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাননি জানিয়ে তিনি বলেন, "রাত সোয়া ১টার দিকে বাসার সামনে গিয়ে বারবার কলিং বেল চাপলেও ভেতর থেকে কারো সাড়া মেলেনি।"

এসআই শাহজালাল বলেন, "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাসায় বর্তমানে আইন সচিব থাকছেন বলে স্থানীয় কয়েকজন আমাকে বলেছেন। তবে আমি তথ্যটি নিশ্চিত হতে পারিনি।"

এদিন ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকার পল্লবীতে, যেখানে এক পুলিশ সদস্য আহত হন।

সাড়ে ৮টার দিকে পল্লবী থানা ও আর্মি ক্যাম্পের মাঝে ট্রাস্ট ব্যাংকের বুথের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে সোমবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এতে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হয় মৃত্যুদণ্ড। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় হয় পাঁচ বছরের কারাদণ্ড।

রায়ের দিন ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। কিন্তু রায়ের কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া কিংবা সড়ক আটকে দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকে।