১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিককে কারাগারে আটকের আবেদন

রিধির বাসা থেকে হাসিবুকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 02:38 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিককে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

আত্মহত্যায় প্ররোচনার এই মামলায় তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত রোববার এ আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ বিষয়ে শুনানি হবে।"

রিধির বাসা থেকে তার প্রেমিক হাসিবুর রহমানকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত বলেও জানিয়েছেন।

“আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।” 

মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিধির মা সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

আরও পড়ুন: 

মডেল রিধির ঝুলন্ত লাশ উদ্ধার

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার