১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে সুব্রত বাইন

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার তালিকাভুক্ত শীর্ষ এ সন্ত্রাসীকে ঢাকার একটি আদালত আট দিনের রিমান্ডে পাঠায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 06:16 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

সুব্রত বাইনের পক্ষে তার আইনজীবী বাদল মিয়া জামিন চেয়ে আবেদন শুনানি।

হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সুব্রত বাইনকে ঢাকার আদালত ২৮ মে আট দিনের রিমান্ডে পাঠায়। 

তার সঙ্গে গ্রেপ্তার আরেক শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার রিমান্ড শেষে এই তিনজনকে কারাগারে পাঠানো হয়। 

সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত ২৭ মে কুষ্টিয়ায় গ্রেপ্তার হন শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ।

পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ২৮ মে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। 

সাদাকালো ছবির ভয়ঙ্কর গল্পের সেই সুব্রত যেভাবে হাজির

আদালতের কাঠগড়ায় সুব্রত বাইনের এক বিকেল

সুব্রত বাইন গ্রেপ্তার: দেড় মাস আগে বাসায় ওঠেন ব্যবসার কথা বলে, থাকতেন নারীও

সুব্রত বাইন ৮, মোল্লা মাসুদসহ তিনজন ৬ দিনের রিমান্ডে