১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জুরাইনে বাসা থেকে নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার

“ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি, তাকে খোঁজা হচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 02:34 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ঢাকার জুরাইনে কমিশনার রোডের একটি বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

নিহত শারমিন আক্তার সেলী (২৭) আনসার সদস্য ছিলেন।

কদমতলী থানার এসআই মোশাহিদুল ইসলাম বলেন, জুরাইন কমিশনার রোডের একটি ফ্ল্যাট বাড়ির চতুর্থ তলার পূর্ব পাশের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন সেলী। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রোববার বিকালে গিয়ে পুলিশ দেখতে পায়, ঘরের বাইরে তালা মারা, ভেতর থেকে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, এক নারীর অর্ধগলিত লাশ মেঝেতে পড়ে আছে। তার শরীরের কয়েক স্থানে কাটা জখমও রয়েছে। 

পুলিশ কর্মকর্তা মোশাহিদুল বলেন, ধারণা করা হচ্ছে, সেলীকে মেরে বাইরে তালা দিয়ে গেছে হত্যাকারী। 

“ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি, তাকে খোঁজা হচ্ছে। ঘর থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়, সেটা থেকে জানা যায় নিহত শারমিন আনসার সদস্য ছিলেন।” 

বাড়ির মালিক আন্জুআরা ডলি পুলিশকে জানিয়েছেন, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ৭/৮ মাস ধরে ভাড়া থাকতেন ।