Published : 17 Dec 2025, 12:09 AM
পতাকা মিছিল আর মুক্তির গানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন।
মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেটের সামনে থেকে শুরু হয়ে পতাকা মিছিল; শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে।
মিছিলে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন গান গেয়ে শোনান উদীচী সঙ্গীত বিভাগের শিল্পীরা। তারা ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘মাগো ভাবনা কেন’, ‘গেরিলা আমরা গেরিলা’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘ধনধান্য পুষ্প ভরাসহ’ বেশ কিছু গান পরিবেশন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী (একাংশ) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী (একাংশ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
মাহমুদ সেলিম বলেন, “বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র থামায়নি। তারা মুক্তিযুদ্ধের নিত্যনতুন ইতিহাস তৈরি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
"ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব মিথ্যাবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে না দিতে পারলে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক, সাম্যবাদী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না।”
এসব অপশক্তি রুখে দিতে প্রয়োজনে একাত্তরের মতো প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মহিমুদ সেলিম।