Published : 14 Dec 2025, 03:56 PM
স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তাতে অংশ নেবেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে।
রোববার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে এক বার্তায় এ খবর জানানো হয়। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীর ছবিও প্রকাশ করা হয় সেখানে।
ওই বার্তায় বলা হয়, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।
“বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।”
বিজয় দিবসের দিন অন্যান্য আয়োজনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, এটিই হবে বিশ্বে ‘সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং’, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঠিক তার পরদিন শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকের সামনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়।
হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।
হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছিল, সেই বাইকটির মালিক সন্দেহে রোববার সকালে একজনকে পুলিশে সোপর্দ করেছে র্যাব।