Published : 01 Jul 2026, 08:54 PM
রাজধানীর বসিলা এলাকার নির্মাণাধীন একটি ভবনের বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ, যা থানা থেকে লুট হওয়া কি না যাচাই করা হচ্ছে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে গত মঙ্গলবার রাত ২টার দিকে বসিলা মধ্যপাড়া এলাকার নির্মাধীন ভবনের দোতলা থেকে অস্ত্রটি উদ্ধারের তথ্য দেন হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন।
এ অস্ত্র উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের ৫ অগাস্ট মোহাম্মদপুর থানা থেকে লুট হয়েছিল। এখন তা যাচাই বাছাই করা হচ্ছে।
অস্ত্র উদ্ধারের ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, “ওই নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া ওঠার পর মালামাল রাখার জন্য তারা বাথরুমের ফলস সিলিং খুলে সেখানে একটি শটগান দেখতে পান। পরে তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
“ধারণা করছি, আগের ভাড়াটিয়া অস্ত্রটি সেখানে রেখে গেছেন। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি। বাড়িওয়ালার কাছে তাদের নাম ও মোবাইল ফোন নম্বর রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।”
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, উদ্ধার হওয়া শটগানটির গায়ে ‘এসটি-টোয়েলভ’, ‘টিএইউআরএএস’, ‘বিপি-এমটিসিএল’, ‘এসএইচআর১৬৫৭৭১’ এবং ‘মেড ইন ব্রাজিল’ লেখা রয়েছে।